মুই বাঁইচপ্যার চাং, মোক বাঁচান—অসুস্থ হাফিজুল ইসলামের এই করুণ আর্তনাদ যেন নাড়া দিয়েছে পুরো আউলিয়ার হাট এলাকার মানুষের হৃদয়।
রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চর বিনবিনা আউলিয়ার হাট এলাকার বাসিন্দা হাফিজুল ইসলাম (৪০) দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতায় ভুগছেন। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে ইতোমধ্যে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।
হাফিজুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাবা-মাকে হারানোর পর স্ত্রী নাজমা বেগম, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ছিদ্র টিনের চাল ও ভাঙা বেড়ার একটি ঘরে বসবাস করছেন তিনি। একসময় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। অনেক কষ্টে মেয়েদের বিয়েও দিয়েছেন। কিছুদিন আগেও কোনোভাবে চলছিল সংসার। কিন্তু একের পর এক জটিল রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে তার সঞ্চয় ও শেষ সম্বলটুকুও শেষ হয়ে গেছে।
চিকিৎসার খরচ বহন করতে গিয়ে বিক্রি করে দিতে হয়েছে তার উপার্জনের একমাত্র বাহন অটোভ্যানটি। এখন ভ্যান নেই, শারীরিক অসুস্থতার কারণে কাজ করার সামর্থ্যও নেই। ফলে নিজের চিকিৎসা ও পরিবারের নিত্যদিনের খরচ চালাতে চরম বিপাকে পড়েছেন তিনি।
শুধু চিকিৎসাই নয়, বসতঘরটিও এখন তাদের জন্য বড় সংকট। শিলাবৃষ্টিতে ঘরের টিনের চাল ফুটো হয়ে যাওয়ায় সেটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। নিরুপায় হয়ে পলিথিন দিয়ে ছাদ ঢেকে স্ত্রী-সন্তানদের নিয়ে সেখানেই রাত কাটাতে হচ্ছে তাদের। বৃষ্টি নামলে ঘরের ভেতর পানি পড়ে। তখন সন্তানদের নিয়ে সারারাত বসে থাকতে হয়।
অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে সন্তানদের পড়াশোনাও। নিজের চিকিৎসা চালিয়ে যাওয়াও সম্ভব হচ্ছে না। কখনো অনাহারে, কখনো অর্ধাহারে দিন কাটছে পুরো পরিবারের।
হাফিজুলের প্রতিবেশী জুয়েল ও শাহাজান বলেন, আমরা স্থানীয়ভাবে হাফিজুলের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এখন সে আগের তুলনায় কিছুটা সুস্থ। তবে পুরো আউলিয়ার হাট এলাকায় হাফিজুলের পরিবারই সবচেয়ে অসহায়। আমরা চাই, সমাজের বিত্তবানরা তার পাশে দাঁড়ান।
হাফিজুলের স্ত্রী নাজমা বেগম বলেন, হামার একনা থাকার ঘর তাকো শিল পরিয়া ফুটা হয়া গেইছে। সরকারি, বেসরকারি কোনো সাহায্যই হামরা পাই নাই। বৃষ্টি আসলে ছওয়া-পোয়া নিয়া সারা রাইত বসি থাকি রাইত কাটে।
অসুস্থ হাফিজুল বলেন, মুই এমন অভাগা যে ভ্যান কোনা দিয়া কামাই করছিনুং, সেখান ব্যাচেও চিকিৎসা করচুং। একন আর চলার উপায় নাই। কাজ-কাম কইরব্যার পাং না, ভ্যানো নাই। এলাকার মানুষ আর কতো সাহায্য করে? মাঝে মধ্যে উপাস থাকা নাগে।
এদিকে কোলকোন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, ‘অসহায় হাফিজুল পরিষদে সাহায্যের জন্য আবেদন করলে আমরা যথাসাধ্য তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, সমাজসেবা অফিসের মাধ্যমে সরকার পাঁচ ধরনের রোগীকে চিকিৎসা সহায়তা দিয়ে থাকে। হাফিজুল যথাযথ নিয়মে আবেদন করলে সরকারি চিকিৎসা সহায়তা পাওয়ার ক্ষেত্রে আমরা সার্বিক সহযোগিতা করব।
এলাকাবাসীর দাবি, সরকারি ও বেসরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ যদি অসহায় হাফিজুলের পাশে দাঁড়ান, তাহলে তার চিকিৎসা চালিয়ে যাওয়া এবং পরিবারটির স্বাভাবিক জীবনযাপন অনেকটাই সহজ হবে। একই সঙ্গে একটি নিরাপদ ঘর ও জীবিকার ব্যবস্থা হলে হাফিজুল আবারও নিজের পরিবারের দায়িত্ব নিতে পারবেন—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
অসহায় হাফিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ:
📞 ০১৩৪০৮১৮৮৮৮৪