এক রাতে তিন স্থানে নাশকতার অভিযোগ, সন্দেহভাজন ৮ জন পুলিশ হেফাজতে।
খাগড়াছড়িতে এক রাতেই একাধিক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটেছে। জেলার গুইমারায় বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে আগুন, শহরের পানখাইয়া সড়কে একটি চাঁদের গাড়িতে (জিপ) অগ্নিসংযোগ এবং দুটি সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক এলাকার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের আসবাবপত্রসহ ভেতরের সবকিছু পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
অন্যদিকে, একই রাতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের সাত মাইল এবং মাটিরাঙ্গা সড়কের রিছাং ঝরনা এলাকায় গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখা হয়। এতে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছগুলো সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ছাড়া খাগড়াছড়ি শহরের পানখাইয়া সড়কে কেএসটিসি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি জিপ গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দেয়। এতে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে প্রায় পাঁচ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক মোহাম্মদ শাহীন অভিযোগ করেন, রাতের অন্ধকারে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তার গাড়িতে আগুন দিয়েছে। গাড়িটি ছিল পরিবারের একমাত্র আয়ের উৎস। সেটি পুড়ে যাওয়ায় তিনি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এ ঘটনায় তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার এসব ঘটনার জন্য আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের দায়ী করে বলেন, সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল আলম কারাগারে থাকলেও তাঁর সহযোগীরা মামলার পরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাঁর অভিযোগ, এসব ব্যক্তির মাধ্যমে শহরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটজনকে হেফাজতে নেওয়া হয়েছে।