কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৩) ও তাঁর মা তাহমিনা বেগম (৫২) হত্যা মামলায় একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে (২৯) দুই রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি তিন লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালত এর ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১’-এর বিচারক মো: ইয়াসির আরাফাত এ রায় ঘোষণা করেন।
নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধন ২০০৩) এর ৯(২) ধারা অনুযায়ী সুমাইয়াকে ধর্ষণের পর হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই লক্ষ টাকা অর্থদণ্ড এবং তার মা তাহমিনা বেগমকে হত্যাকাণ্ডে দন্ডবিধি ১৮৬০ সালের ৩০২ ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে বাদীপক্ষের আইনজীবী এড. সোহেল হোসেন, নিহতের পরিবারের সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, মামলাটিতে মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দীর্ঘ বিচারিক আড়াইমাসের বিচারিক প্রক্রিয়া শেষে গত ২৭ অক্টোবর মামলার যুক্তিতর্ক সম্পন্ন হয়। পরবর্তীতে আদালত ৫ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করলেও রায় সম্পূর্ণ না হওয়ায় সেদিন রায় ঘোষণা না করে ১১ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া ও তাঁর মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে সুমাইয়ার ভাই তাজুল ইসলাম বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা করেন।
ঘটনার পর অভিযুক্ত মো. মোবারক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৯ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঝাড়ফুঁকের সূত্র ধরে সুমাইয়ার পরিবারের সঙ্গে মোবারকের পরিচয় হয়। হত্যাকাণ্ডের ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি সুমাইয়াকে ধর্ষণ এবং বিষয়টি দেখে ফেলায় তাঁর মাকে হত্যার কথা জানান।
এদিকে সুমাইয়া ও তাঁর মায়ের হত্যাকাণ্ডের পর থেকেই দ্রুত বিচার ও আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন সময়ে তাঁরা মানববন্ধন, বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেন।
দীর্ঘ প্রতীক্ষার পর মামলার রায় ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছে নিহত সুমাইয়ার সহপাঠীরা৷ সহপাঠী মুনিয়া আফরোজ বলেন, ফাঁসির রায় হওয়াতে আমরা অনেক কৃতজ্ঞ। আমরা চাই যতদ্রুত সম্ভব এই রায়ের কার্যকর করা হোক। যদি সম্ভব হয় প্রকাশ্যে ফাঁসি দেওয়া, যেন ভবিষ্যতে যারা এইধরনের কাজ করতে যাবে, ভয়ে তাদের হাত-পাঁ কাঁপে।
নিহত সুমাইয়ার ভাই তাজুল ইসলাম বলেন, আসামি মোবারক যেই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে, সেকারণে আমি আমার মা এবং একমাত্র বোনকে হারিয়েছি। তদন্তে একটু বেশি সময় লেগেছে। কিন্তু তদন্ত শেষে বিজ্ঞ আদালত দ্রুতই রায় ঘোষণা করেছে। আমি চাই এই রায়ের দ্রুত বাস্তবায়ন হোক।
আসামিপক্ষের আইনজীবী (রাষ্ট্র নিযুক্ত) এড. আয়েশা জানান, এখানে যদিও কোন প্রত্যক্ষদর্শী নেই। আবার যে ভিডিও ফুটেজর কথা বলা হচ্ছে, সেই ভিডিও ফুটেজেও ঠিকমতো বলা হয় নাই। কিছু বিতর্কের জায়গা থাকলেও আইনগত কারণে আমরা সেই জায়গায় পারিনি। ডিএনও টেস্টে কিছু আলামত পাওয়া যাওয়ায় আর পারা যায়নি।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. আব্দুল মোতালেব মজুমদার বলেন, মামলার যুক্তিতর্ক শেষে বিজ্ঞ আদালত আজকে মামলার রায় ঘোষণা দিয়েছেন। রায়ে সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসি ও মৃত্যুদণ্ড এবং তার মাকে হত্যার দায়ে ফাঁসি দিয়েছে আদালত। আমাদের দাবি, এই রায় যেন দ্রুত কার্যকর করা হয়।