তুর্কি টিভি সিরিজের জনপ্রিয়তার পাশাপাশি দেশটির সিনেমাও আন্তর্জাতিক দর্শকদের নজর কাড়ছে। নিজস্ব ঐতিহ্য, আধুনিক নির্মাণশৈলী ও শক্তিশালী গল্প বলার কৌশলে তুর্কি সিনেমা তৈরি করেছে আলাদা পরিচিতি। প্রেম, পারিবারিক সম্পর্ক ও সামাজিক গল্পের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ভৌতিক সিনেমা দিয়েও দর্শকদের আকৃষ্ট করছে দেশটির নির্মাতারা। এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তুরস্কের নতুন হরর সিনেমা ‘সয়’।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানান, সম্প্রতি তুরস্কে মুক্তি পাওয়া সিনেমাটি বাংলাদেশের দর্শকদের জন্য নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। আগামী ১৩ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।অতিপ্রাকৃত ঘরানার সিনেমা ‘সয়’ পরিচালনা করেছেন ম্যাক্সিম আলেকজান্দ্রে। পারিবারিক অভিশাপ, প্রাচীন মিসরীয় রহস্য, অশুভ শক্তি ও একটি রহস্যময় প্রাসাদকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প।

প্রাচীন মিসরের অভিশাপের সঙ্গে আধুনিক তুর্কি গল্পের মেলবন্ধন ঘটানো হয়েছে এতে। একটি নির্জন প্রাসাদকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভয় ও উত্তেজনার আবহ। অতীতের পাপ, বিশ্বাসঘাতকতা এবং বংশপরম্পরায় বয়ে চলা অশুভ শক্তি গল্পের গুরুত্বপূর্ণ বিষয়।পারিবারিক গোপন ইতিহাস ও মনস্তাত্ত্বিক ভয়ের পাশাপাশি রহস্যময় প্রাসাদের পরিবেশ সিনেমাটিতে আলাদা মাত্রা যোগ করেছে। তুর্কি হরর সিনেমায় প্রচলিত জিন-নির্ভর গল্পের বাইরে প্রাচীন মিসরের অভিশাপ ও পারিবারিক রহস্যের উপস্থাপন ‘সয়’কে ভিন্নধর্মী করে তুলেছে।