মাদারীপুরে নিখোঁজের চার দিন পর আশিক খান (২৪) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার একটি ধানক্ষেতের পাশের পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আশিক খান ওই এলাকার মৃত আজিজ খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে মাছ ধরার জন্য একটি জাল নিয়ে বাড়ির পাশের খালে যান আশিক। এরপর আর বাড়িতে ফিরে আসেননি তিনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে শুক্রবার মাদারীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রোববার দুপুরে স্থানীয়রা খালের অপর পাশে একটি পরিত্যক্ত ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং নিহতের পরিচয় নিশ্চিত করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, নিহতের পরিবারের দাবি, প্রতিবেশী কবির মাতুব্বরের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরেই আশিককে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
নিহতের বোন নিপা আক্তার বলেন, ‘আমাদের সঙ্গে জমি নিয়ে বিরোধের কারণেই পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার বিচার চাই।’
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিখোঁজের চার দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।৷