মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর কূটনৈতিক প্রচেষ্টা কার্যত স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এতে অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার হয়েছে এবং নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) এক মার্কিন কর্মকর্তা আল-জাজিরাকে জানান, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর ফলে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বপূর্ণ এলাকায় সক্রিয় বিমানবাহী রণতরীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনটিতে।
যুক্তরাষ্ট্র ও ইরান গত এপ্রিলে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। পরে জুনে একটি বিস্তৃত সমঝোতা স্মারক ঘোষণা করা হলেও জুলাইয়ের শুরুতে তা ভেস্তে যায়। এরপর থেকে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরা নতুন করে বড় ধরনের সামরিক সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
গত সপ্তাহে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা খুব একটা নেই। তাঁর ভাষায়, যুদ্ধের সামরিক অধ্যায় কার্যকরভাবে শেষ হয়েছে। তবে পরিস্থিতির পরিবর্তন হলে মার্কিন সামরিক বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানান তিনি।
মধ্যপ্রাচ্যে শক্তিশালী মার্কিন নৌবহর
২৬তম মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের নামে নামকরণ করা ইউএসএস থিওডোর রুজভেল্ট ১৯৮৬ সালে মার্কিন নৌবাহিনীতে যুক্ত হয়। পারমাণবিক শক্তিচালিত এই বিমানবাহী রণতরীতে পাঁচ হাজারের বেশি সেনাসদস্য এবং এফ-১৮ সুপারসনিক যুদ্ধবিমানসহ ৬০টির বেশি বিমান রয়েছে।
রণতরীটি ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ এবং ২০০৩ সালের ইরাক যুদ্ধেও সামরিক অভিযান পরিচালনা করেছিল। গত সেপ্টেম্বর মাসে সান ডিয়েগো ঘাঁটি ছেড়ে আসা রণতরীটি ১৫ নভেম্বর মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। তবে পেন্টাগন কিংবা সেন্টকম আনুষ্ঠানিকভাবে এর আগমনের বিষয়টি নিশ্চিত করেনি।
রুজভেল্টের আগমনসহ বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী স্ট্রাইক গ্রুপ সক্রিয় রয়েছে। অন্য দুটি হলো ইউএসএস জর্জ ওয়াশিংটন এবং ইউএসএস জর্জ ডব্লিউ বুশ।
এ ছাড়া মেরিন এক্সপেডিশনারি ফোর্সসহ অতিরিক্ত সেনা এবং প্রায় ১২০টির বেশি যুদ্ধবিমান এ অঞ্চলে মোতায়েন করা হয়েছে। ২০০৩ সালের ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহিনীর এটিকে অন্যতম বড় শক্তি বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে অঞ্চলটির স্থায়ী ও অস্থায়ী ঘাঁটিতে ৪০ হাজার থেকে ৫০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।
ইরানের কঠোর অবস্থান
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি নিয়ে কঠোর অবস্থান জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, ইরান মার্কিন হামলার জন্য অপেক্ষা করে বসে থাকবে না।
তিনি বলেন, ইরান কিউবা কিংবা ভেনেজুয়েলা নয় যে দেশটিকে অবরুদ্ধ করে আত্মসমর্পণে বাধ্য করা যাবে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানের ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) বৈঠকে আঞ্চলিক জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ফেলছে।
নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ প্রত্যাহার চায় তেহরান
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধাক্কার পর মার্কিন প্রশাসনের মধ্যেও ইরান নীতিতে মতপার্থক্য দেখা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মনে করেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ কার্যকর হচ্ছে। ফলে বড় ধরনের সামরিক অভিযানের প্রয়োজন নেই। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন।
যুদ্ধের অবসান ঘটাতে ইরানের পক্ষ থেকে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা অর্থ ফেরত দেওয়া, সব ফ্রন্টে সংঘাত বন্ধ এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা।
সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি রিসার্চের সহসভাপতি রশিদ আল-মোহানাদির মতে, পুরো মধ্যপ্রাচ্য যখন বড় ধরনের যুদ্ধ এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে, তখন যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই নিজেদের দর-কষাকষির অবস্থানকে শক্তিশালী মনে করছে। দুই পক্ষের এই বিপরীতমুখী অবস্থানের কারণেই সংকটের কূটনৈতিক সমাধান কঠিন হয়ে পড়েছে।