প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের আলোচিত উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘যাপিত জীবন’ মুক্তি পাচ্ছে আগামী ২০ নভেম্বর। দেশভাগ, ভাষা আন্দোলন এবং বাঙালির ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে নির্মিত সিনেমাটি সারাদেশের প্রায় ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সরকারি অনুদানে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন হাবিবুল ইসলাম হাবিব। মুক্তি উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকার বিমানবন্দরসংলগ্ন সেন্টার পয়েন্টের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার শো।

প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, অভিনেতা আফজাল হোসেন, আশনা হাবিব ভাবনা, চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম এবং জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

প্রিমিয়ার অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর বলেন, ইতিহাস ও গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটনির্ভর এমন একটি চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত থাকতে পেরে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই গর্বিত।

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, সেলিনা হোসেন উপন্যাসটি লেখার পর কয়েকবার সংশোধন করেছেন। লেখিকা হিসেবে তিনি সবার কাছে সমাদৃত। অন্যদিকে প্রযোজক হিসেবে ইমপ্রেস টেলিফিল্মও বহু বিখ্যাত কাজের সঙ্গে যুক্ত। সবকিছু মিলিয়ে চলচ্চিত্রটি নিয়ে তিনি আশাবাদী এবং দর্শকদেরও সিনেমাটি ভালো লাগবে বলে বিশ্বাস করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রযোজক হাবীবুর রহমান, নির্মাতা চয়নিকা চৌধুরী, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, রওনক হাসান, ফারজানা ব্রাউনিয়া, লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী এবং অভিনেতা শহীদুল আলম সাচ্চুসহ অনেকে।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা, আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, গাজী রাকায়েত, ডলি জহুর, আজাদ আবুল কালাম, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ ও কাজী হায়াৎসহ একঝাঁক অভিনয়শিল্পী।

যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘যাপিত জীবন’

মুক্তির প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ২০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। এর মধ্যে রয়েছে পূর্ণিমা সিনেমা (শান্তাহার), মম ইন (বগুড়া), ছায়াবাণী (ময়মনসিংহ), অভিসপ্তি (বরিশাল), সৈনিক ক্লাব (ঢাকা), বিজিবি (ঢাকা), সুগন্ধা (চট্টগ্রাম), মধুবন (বগুড়া), গ্র্যান্ড রিভারভিউ (রাজশাহী), শ্যামলী (ঢাকা), স্বপ্নিল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), বনলতা (ফরিদপুর), গ্র্যান্ড সিলেট (সিলেট), লায়ন সিনেমাস (ঢাকা) ও কে স্ক্রিন (কুমিল্লা)।

এ ছাড়া স্টার সিনেপ্লেক্সের একাধিক শাখা এবং যমুনা ব্লকবাস্টারেও সিনেমাটি প্রদর্শিত হবে।

ইতিহাস, ভাষা আন্দোলন ও দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত ‘যাপিত জীবন’ দর্শকদের কাছে কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।