ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাঁর স্ত্রী রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া জাবেদকে ৫০ কোটি টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন জানান, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মোট ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং ১৯ জনকে খালাস দিয়েছেন আদালত।
মামলায় ১০ বছর করে কারাদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন—মোহাম্মদ একরাম উল্লাহ, আবদুল হামিদ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম, বজল আহমেদ বাবুল, এম এ সবুর, সাবেক পরিচালক বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান, শাহ আলম ও এজিএম উৎপল পাল।
রায়ের বিষয়ে আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন বলেন, অর্থ পাচারের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১০ বছর এবং অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর স্ত্রী রুকমীলা জামানকে দুই অভিযোগে পাঁচ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়ে তাঁরা সংক্ষুব্ধ। তাই উচ্চ আদালতে আপিল করবেন।
রায় ঘোষণার সময় আদালতে চার আসামি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে একজন খালাস পেয়েছেন। তবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী রুকমীলা জামান ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ, তাঁর স্ত্রী এবং ভাইবোনসহ মোট ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।
২০২৫ সালের ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। পরে তদন্ত শেষে গত ৫ জানুয়ারি তিনি চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেন।