বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ২০ নভেম্বর। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি। তবে জন্মদিন উপলক্ষে কোনো ধরনের উৎসব, আনুষ্ঠানিকতা কিংবা আড়ম্বরপূর্ণ আয়োজন চান না প্রধানমন্ত্রী। এ কারণে ঢাকাসহ সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের জন্মদিন পালন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় নির্দেশনা অনুযায়ী, আজ কেক কাটা, পোস্টার বা ব্যানার লাগানো, আলোচনা সভাসহ কোনো ধরনের আনুষ্ঠানিক আয়োজন করা যাবে না। তারেক রহমান নিজেই ব্যক্তিগতভাবে জন্মদিন উদ্‌যাপন না করার সিদ্ধান্ত জানিয়েছেন।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশ প্রতিদিনকে জানান, গত ১৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান দলের ভারপ্রাপ্ত মহাসচিব, সব যুগ্ম মহাসচিব এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে নেতারা তাঁর জন্মদিন পালনের অনুমতি চাইলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এ সময় তিনি বলেন, ‘জন্মদিনটা তো আমার।’

বিগত কয়েক বছর ধরেই নিজের জন্মদিন পালনের বিষয়ে দলীয় নেতা-কর্মী ও সংশ্লিষ্টদের নিরুৎসাহিত করে আসছেন তিনি।

একই প্রসঙ্গে বিএনপির আরেক যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ এমপি বলেন, জন্মদিন পালনের অনুমতি চাওয়া হলে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানান, এটি তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়। এ নিয়ে কোনো আনুষ্ঠানিকতা হোক, তা তিনি চান না।

শৈশব, শিক্ষা ও রাজনীতিতে পথচলা

বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদামাটা জীবনযাপনের পরিবেশে শৈশব কাটে তারেক রহমানের। তিনি ঢাকা সেনানিবাসের বিএএফ শাহীন হাইস্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন।

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক দর্শনের বিভিন্ন চিন্তাবিদের রচনা অধ্যয়ন করেন তিনি। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার ও কার্ল মার্কসের দর্শন তাঁর রাজনৈতিক চিন্তাধারার বিকাশে ভূমিকা রাখে।

১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। পরবর্তী সময়ে ২০০২ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ২০০৯ সালে জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান।

দলীয় রাজনীতিতে তাঁর সাংগঠনিক ভূমিকা বিশেষভাবে আলোচনায় আসে ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে। এ সময় তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনসহ বিভিন্ন সাংগঠনিক উদ্যোগ গ্রহণ করেন তিনি।

নির্বাসিত জীবন ও বিএনপির নেতৃত্ব

২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান গ্রেপ্তার হন এবং নির্যাতনের শিকার হন বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। একাধিক মামলার মুখোমুখি হওয়ার পর জামিনে মুক্তি পেয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি।

দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করেও ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে দলের নেতা-কর্মীদের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখেন।

এ সময় রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন তিনি। নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইনসভাসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কারের প্রস্তাব নিয়ে তৈরি এই কর্মসূচি বিএনপির রাজনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান পায়।

২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ, নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং যোগ্যতাভিত্তিক ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গঠনের প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি।

দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সরকার গঠন করেন।

ব্যক্তিগত জন্মদিনে কোনো আয়োজন না করার সিদ্ধান্তের মধ্য দিয়ে এবারও নিজের জন্মদিনকে ঘিরে দলীয় আনুষ্ঠানিকতা এড়িয়ে চলার অবস্থান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।