ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৪৭টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ২২টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও ২৫টি কারখানায়। এ ছাড়া পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিলেও উৎপাদন বন্ধ রেখে ভেতরে অবস্থান করছেন। সোমবার এসব ঘটনা ঘটে।

এদিন সকাল থেকে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানায় উৎপাদন শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। কোথাও শ্রমিকেরা হাজিরা দিয়ে উৎপাদন বন্ধ রাখেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ২২টি কারখানা হলো সুসুকা নিট, রেডিয়ান্স ফ্যাশন, ক্রিস্টাল কম্পোজিট, আউটলেট স্টিচ, গ্রিন লাইফ নিটেক্স, মণ্ডল নিটওয়্যার, হংকুন লেদার কোম্পানি, সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট, জিম্যাক্স ক্লোথিং, টপ টেক্স সোয়েটার, এ আর জিন্স প্রডিউসার, এফ জি এস ডেনিম ওয়্যার, ফুটস্টেপস বাংলাদেশ, অ্যালায়েন্স নিট কম্পোজিট, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ, ফ্যাশন ডট কম, হা-মীম গ্রুপ, আর্টিস্টিক ডিজাইন, এনভয় গ্রুপ ও নেক্সট কালেকশন।

অন্যদিকে শ্রমিক অসন্তোষের কারণে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সাদাতিয়া সোয়েটার, স্টারলিং অ্যাপারেলস, স্টারলিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস, মুন রেডিওয়্যারস, বান্দো ডিজাইন, এ এম ডিজাইন, ইয়াগী বাংলাদেশ, ভার্চুয়াল বটমস, দি রোজ ড্রেসেস, সেতারা গার্মেন্টস, আলপস অ্যাপারেলস, নিউ এইজ গ্রুপ, ফ্যাশন ফোরাম, অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, ট্রাউজার লাইন, আল-মুসলিম অ্যাপারেলস, ওয়াইপি, কমপ্লিট কম্পোজিট ও উচু ফ্যাশন কারখানায়।এ ছাড়া ম্যাংগো টেক্স, ফ্যাশন ফোরাম লিমিটেড, নাঈম নিটওয়্যার, স্টারলিং ক্রিয়েশন ও সাদ ফ্যাশনের শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত থাকলেও উৎপাদনকাজে অংশ নেননি। তারা কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন।

নিউ এইজ গ্রুপের সামনে উত্তেজনা, আহত ৩
সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর ও জিরাবো এলাকায় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। বিজিএমইএর তথ্য উল্লেখ করে সংশ্লিষ্ট সূত্র জানায়, নিউ এইজ গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে প্রায় ৭ হাজার ৪৪০ জন শ্রমিক কাজ করেন। সকাল আটটার দিকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করেন। তবে ৩০ হাজার টাকা নিম্নতম মজুরির দাবিতে উৎপাদন বন্ধ রেখে ভেতরে অবস্থান নেন তারা। সকাল ৮টা ৫০ মিনিটের দিকে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে যান। এ সময় তাদের একাংশ কারখানার ১ নম্বর ফটকের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন।

একপর্যায়ে সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাস কারখানার সামনে দিয়ে যাওয়ার সময় বাসের শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে উত্তেজিত শ্রমিকদের একটি অংশ বাসটির কাচ ভাঙচুর করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ সময় পাশের আল-মুসলিম গার্মেন্টস ও জনরন সোয়েটার কারখানায়ও হাঙ্গামার চেষ্টা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে থাকা শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দৌড়াদৌড়ির সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পান সিরাতুব নামের এক নারী শ্রমিক। রেখা ও সুইটি নামের আরও দুই নারী শ্রমিক পায়ে আঘাত পান। তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়। আহত তিনজনই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

এ ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিউ এইজ গ্রুপের আশপাশের অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, আল-মুসলিম অ্যাপারেলস ও ট্রাউজার লাইনসহ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে নিজ নিজ গন্তব্যে চলে যান।

এদিকে শিল্পাঞ্চলের দেওয়ান ইদ্রিস রোডের গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টসেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধু রোডের এম অ্যান্ড এইচ করপোরেশন লিমিটেডে শ্রমিক অসন্তোষের খবর পাওয়া গেছে।

মজুরি নিয়ে অনিশ্চয়তায় শ্রমিকেরা
শ্রমিকদের ভাষ্য, নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হলেও নতুন বেতন কাঠামো নিয়ে তাদের অনিশ্চয়তা কাটেনি। চাকরি হারানোর ভয়ে অনেক শ্রমিক সরাসরি আন্দোলনে অংশ নিচ্ছেন না। তবে তাদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। সরকার ও মালিকপক্ষ আন্তরিক হলে শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে যৌক্তিক বেতন কাঠামো ঘোষণা করা সম্ভব বলে মনে করেন তারা।

শিল্পাঞ্চলে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে, কয়েকটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কোথাও শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান করছেন। দুই-একটি জায়গায় শ্রমিকেরা কারখানার ফটকে ইটপাটকেল নিক্ষেপ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। বর্তমানে সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।