জিম্বাবুয়ের অন্তর্ভুক্তির দাবি, নতুন এফটিপি নিয়ে ডিসেম্বরে কর্মশালা
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৭-৩১ মেয়াদের পরবর্তী ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে। প্রথম ধাপে টেস্ট ক্রিকেটের দ্বিপক্ষীয় সিরিজের সূচি নির্ধারণ করা হবে। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজের ক্যালেন্ডার চূড়ান্ত করা হবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ডিসেম্বরে সদস্য দেশগুলোর সঙ্গে বিশেষ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ২০২৭-৩১ মেয়াদের টেস্ট ক্রিকেটের এফটিপি ২০২৭ সালের মাঝামাঝি সময়ের মধ্যে প্রস্তুত করার লক্ষ্য নিয়েছে আইসিসি। চূড়ান্ত খসড়াটি আগামী মার্চে আইসিসি বোর্ডের ত্রৈমাসিক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।
সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির ত্রৈমাসিক সভায় সদস্য দেশগুলোকে পরবর্তী এফটিপি চক্রের জন্য হোম ও অ্যাওয়ে ভিত্তিতে দ্বিপক্ষীয় সিরিজের ক্যালেন্ডার চূড়ান্ত করে জমা দিতে বলা হয়েছে।
প্রাথমিকভাবে সদস্য দেশগুলোকে টেস্ট সিরিজের তালিকা ও ম্যাচসংখ্যা নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। এফটিপির খসড়া চূড়ান্ত করতে ডিসেম্বরে আরও একটি কর্মশালার আয়োজন করবে আইসিসি। সংস্থাটি জানিয়েছে, বৈশ্বিক ক্রিকেট সূচিতে বিঘ্ন না ঘটিয়ে পরবর্তী সময়ে নতুন দ্বিপক্ষীয় সিরিজ যুক্ত করার সুযোগও থাকবে।
বিশ্বকাপ আয়োজনের পাশাপাশি নতুন এফটিপিতে ২০২৯ ও ২০৩১ সালে দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল অন্তর্ভুক্ত থাকবে। ২০১৯ সালে শুরু হওয়া এ প্রতিযোগিতায় আইসিসির ১২টি পূর্ণ সদস্য দেশের মধ্যে বর্তমানে নয়টি দল অংশ নেয়। এর বাইরে রয়েছে আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে।
বর্তমান নিয়ম অনুযায়ী, ডব্লিউটিসিতে অংশ নেওয়া প্রতিটি দল হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ছয়টি করে দ্বিপক্ষীয় সিরিজ খেলে। তবে হোয়াইট-বল ক্রিকেটে দেশগুলো নিজেদের প্রতিপক্ষ নিজেরাই নির্ধারণ করতে পারে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে আইসিসি প্রতিপক্ষ নির্ধারণ করে দেয় এবং সংশ্লিষ্ট দেশগুলো আলোচনার মাধ্যমে সিরিজের সময়সূচি ঠিক করে।
বর্তমান ২০২৩-২৭ এফটিপি আগামী বছরের মার্চে শেষ হওয়ার কথা। সাধারণত নতুন চক্রের সূচি এর আগেই চূড়ান্ত হয়ে যাওয়ার কথা থাকলেও এবার তা বিলম্বিত হচ্ছে। এর অন্যতম কারণ ডব্লিউটিসির পরিধি বাড়ানো নিয়ে বিতর্ক। ২০২৫ সালে আইসিসির একটি ওয়ার্কিং গ্রুপ এ বিষয়ে প্রস্তাব দিয়েছিল।
বালির সভায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যে ডব্লিউটিসিতে আগের মতো নয়টি দল রাখার বিষয়ে ঐকমত্য দেখা গেছে। তবে জিম্বাবুয়ে প্রতিযোগিতায় অন্তর্ভুক্তির জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। পরবর্তী চক্রে অন্তত সাতটি টেস্ট ম্যাচ খেলার নিশ্চয়তাও পেয়েছে দেশটি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আইসিসির সঙ্গে বৈঠক করে ডব্লিউটিসিতে অন্তর্ভুক্তির বিষয়ে নতুন করে আলোচনা শুরুর পরিকল্পনা রয়েছে জিম্বাবুয়ের। এমনকি ২০২৯-৩১ চক্র থেকেই তারা প্রতিযোগিতায় যুক্ত হওয়ার চেষ্টা করছে।
অন্যদিকে, পূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও আয়ারল্যান্ড ও আফগানিস্তান এখনো ডব্লিউটিসিতে নেই। আর্থিক ব্যয় ও বাস্তব চ্যালেঞ্জের কারণে টেস্ট ক্রিকেট নিয়ে দেশ দুটির আগ্রহ তুলনামূলক কম।
চলতি বছরের জুলাইয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভার আগে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী সারাহ কিন বিবিসি স্পোর্টসকে জানিয়েছিলেন, ডব্লিউটিসিতে অন্তর্ভুক্তির সম্ভাবনা উত্তেজনাপূর্ণ হলেও এর সঙ্গে যুক্ত চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক আলোচনা প্রয়োজন।
আফগানিস্তানের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল। দেশটিতে তালেবান সরকারের নারীদের প্রতি দমনমূলক নীতির কারণে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো কয়েকটি সদস্য দেশের মধ্যে উদ্বেগ রয়েছে। ফলে আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ আয়োজনের ক্ষেত্রেও নানা বাধা তৈরি হতে পারে।
সব মিলিয়ে ২০২৭-৩১ মেয়াদের এফটিপি চূড়ান্ত করার প্রক্রিয়ায় ডব্লিউটিসির দলসংখ্যা, সদস্য দেশগুলোর অংশগ্রহণ এবং দ্বিপক্ষীয় সিরিজের সূচি—এই তিন বিষয়ই এখন আইসিসির আলোচনার কেন্দ্রে রয়েছে।