জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সুফিয়া কামাল হলের প্রভোস্ট অধ্যাপক রিজওয়ানা করিম স্নিগ্ধাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রশাসনিক সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। সংগঠনটি এ সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে বলেছে, এটি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।

বুধবার (২৫ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলরুবা নূরী এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির পক্ষ থেকে অভিযোগ করা হয়, টেলিভিশন টকশোতে বক্তব্যের মাধ্যমে অধ্যাপক স্নিগ্ধা আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরির চেষ্টা করছেন। এ অভিযোগে সংগঠন তিনটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তাঁর অপসারণ দাবি করে।

বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, তিন ছাত্রসংগঠনের অন্যায় দাবির কাছে নতি স্বীকার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। তাঁদের মতে, এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও শিক্ষকদের স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকারের ওপর হস্তক্ষেপ।

তাঁরা আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে কিংবা ভিন্নমত প্রকাশ করলেই কাউকে ‘আওয়ামী ট্যাগ’ দিয়ে শাস্তির আওতায় আনা নব্য ফ্যাসিবাদী চিন্তার বহিঃপ্রকাশ। একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে না পারলে এবং সেই মতপ্রকাশের কারণে দায়িত্ব থেকে অপসারিত হলে সেখানে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে না।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে একদিকে শিক্ষককে দায়িত্ব থেকে সরানো হচ্ছে, অন্যদিকে পুরোনো স্বৈরাচারী শাসনব্যবস্থার মতো ক্যাম্পাসে দলীয়করণ ও দখলদারত্ব প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড শিক্ষাঙ্গনে মুক্তবুদ্ধির চর্চাকে বাধাগ্রস্ত করার পাশাপাশি শিক্ষার পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করবে।

বিবৃতিতে অধ্যাপক রিজওয়ানা করিম স্নিগ্ধাকে সুফিয়া কামাল হলের প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনটির নেতৃবৃন্দ।