নড়াইলে দায়ের করা শেখ হাসিনার মানহানির একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় হাজির হয়েছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) ওই পরোয়ানা নিয়ে তার বাসায় যান। এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গভবনে একটি মতবিনিময় সভায় যোগ দিতে বাসা থেকে বের হচ্ছিলেন মাহমুদুর রহমান।পুলিশের ওই কর্মকর্তা তাকে জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সেই পরোয়ানা তামিল করতেই তিনি বাসায় এসেছেন।

পরে খোঁজ নিয়ে জানা যায়, মামলাটি ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় দায়ের করা হয়। মামলার বাদী নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল।
এ মামলার অন্য দুই আসামি হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিম। ব্যারিস্টার মওদুদ আহমদ ২০২১ সালের ১৬ মার্চ মৃত্যুবরণ করেন।মামলায় বাংলাদেশ দণ্ডবিধির মানহানিসংক্রান্ত তিনটি ধারা- ৫০০, ৫০১ ও ৫০৫ ছাড়াও ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।
হাইকোর্টের স্থগিতাদেশের পরও পরোয়ানা তামিলে পুলিশ

মামলাটি নিয়ে আরও জানা যায়, এর কার্যক্রম হাইকোর্টের একটি বেঞ্চ স্থগিত করেছেন। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালত এক আদেশে বিষয়টি উল্লেখও করেছেন। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ২৭ জানুয়ারি।

অথচ সেই স্থগিত মামলার গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতেই মাহমুদুর রহমানের বাসায় হাজির হয় পুলিশ। পরোয়ানার নম্বর আর-১৬/২৬। এটি জারি হয়েছিল ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর।

মাহমুদুর রহমানের বিরুদ্ধে শতাধিক মামলা

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সারা দেশে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে শতাধিক মামলা হয়। ২০১০ সাল থেকে রাষ্ট্রদ্রোহ, হত্যা প্রচেষ্টা, গাড়িতে আগুন, তথ্যপ্রযুক্তিগত অপরাধ, আদালত অবমাননা ও মানহানিসহ বিভিন্ন অভিযোগে ঢাকাসহ দেশের প্রায় সব জেলায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতারা এসব মামলা করেন।

এর মধ্যে একাধিক মামলায় আদালতের রায় হয় এবং সাজাও খাটতে হয় মাহমুদুর রহমানকে। বিনা বিচারে তিনি দুই দফায় দীর্ঘ সময় কারাভোগ করেছেন। সর্বশেষ চব্বিশের বিপ্লবের পরও শেখ হাসিনাপুত্রকে হত্যার ষড়যন্ত্রের মামলায় আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয় তাকে।

মামলা প্রত্যাহারের উদ্যোগের পরও চলছে বিচারিক কার্যক্রম

জুলাই বিপ্লব-পরবর্তী ২৮ মাসে অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার দায়িত্ব পালন করছে। এর মধ্যে আইনমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য সংসদে জানিয়েছেন।
যদিও মাহমুদুর রহমানসহ আমার দেশ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এখনো চলমান রয়েছে। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হলে এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি হচ্ছে।
সূত্র: আমার দেশ