দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে সমালোচনা করেছেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা দেলোয়ার হোসাইন। তিনি বলেন, সরকারের সাথে যোগসাজশে নৈরাজ্য করছে আওয়ামী লীগ এবং বর্তমানে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে সাভার মডেল মসজিদ প্রাঙ্গণে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে ঢাকা জেলা জামায়াতে ইসলামী ।

সারাদেশে ১১ দলীয় ঐক্যের ব্যানারে ৭ দফা দাবি আদায়, আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের অভিযোগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

মডেল মসজিদ প্রাঙ্গণে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসাইন আরও বলেন,ফ্যাসিস্ট দলের আগুন সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করতে না পেরে এই সরকার ব্যর্থতা স্বীকার করেছে। এক্য হওয়ার আগে জুলাই সনদ,শহীদের হত্যার বিচার করতে হবে।

জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি, হাসান মাহবুব মাস্টার স্লোগানের সুরে বলেন,ক্ষমতা যখন নড়েচড়ে, জামায়াত তোমায় মনে পড়ে। ক্ষমতা যখন পোক্ত, জামায়াত তুমি গুপ্ত। গোপালগঞ্জে হামলা এ সরকারের গোয়েন্দা সংস্থার বড় ব্যর্থতা।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ নেওয়া মো. জাহাঙ্গীর আলম বলেন, সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ যে সন্ত্রাসী কার্যক্রম করছে তার প্রতিবাদ জানানোর জন্য আমি এই বিক্ষোভ মিছিলে এসেছি। আমি চাই আওয়ামী লীগ কে চিরতরে নিষিদ্ধ করা হোক।

ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি আফজাল হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে জেলা জামায়াতের নায়েবে আমিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী, বিক্ষোভ মিছিল ও সমাবেশে ঢাকা জেলা জামায়াতের প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন।