বান্দরবানের আলীকদমের দুর্গম পোয়ামুহুরী সীমান্ত এলাকায় মানবিক উদ্যোগ নিয়েছে ৫৭ বিজিবি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত মেডিকেল ক্যাম্পে ১০০ জনের বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর দিকনির্দেশনায় এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদের নেতৃত্বে এ চিকিৎসা কার্যক্রম চলে।
দুর্গম পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত নানা বয়সী নারী-পুরুষ ও শিশুরা এ ক্যাম্পে সেবা নেন।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা দিতে ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করাই লক্ষ্য।
পর্যায়ক্রমে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ অন্যান্য বিওপি এলাকাতেও এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। নিম্ন আয়ের মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে বিজিবি।
সংশ্লিষ্টদের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে ক্যাম্পটি সম্পন্ন হয়েছে।