বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-৬-এর সিপিসি সদর, ভাটিয়াপাড়া ক্যাম্প।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল, সাইবার পর্যবেক্ষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রতিক্রিয়াশীল দলকে প্রস্তুত রাখা হয়েছে।
বিশেষ করে টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও গোপালগঞ্জ সদর এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের কার্যক্রম জোরদার করা হয়েছে। সম্ভাব্য যেকোনো অস্থিতিশীল পরিস্থিতির আগাম তথ্য সংগ্রহ এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া জেলা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ সড়ক মোড়, বাস টার্মিনাল, রেলস্টেশন ও জনবহুল এলাকায় টহল এবং চেকপোস্ট কার্যক্রম বাড়ানো হয়েছে। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানিমূলক প্রচারণা কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে র্যাবের সাইবার মনিটরিং কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড শনাক্ত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
নাশকতা বা যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য ভাটিয়াপাড়া ক্যাম্পে প্রশিক্ষিত স্ট্রাইকিং ফোর্সকে সর্বক্ষণ প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে দ্রুত মোতায়েনের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
র্যাব-৬ জানিয়েছে, জেলার জনগণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
র্যাব-৬, সিপিসি সদর, ভাটিয়াপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জনগণকে গুজব এড়িয়ে চলার পাশাপাশি সন্দেহজনক কোনো তথ্য বা কার্যক্রম সম্পর্কে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান।