দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৪ জুলাই) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর প্রথমবারের মতো নিজ শহর চট্টগ্রামে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো এবং আগামী দুই বছরের মধ্যে অর্থনৈতিক সক্ষমতায় আরও অগ্রগতি অর্জন করা। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, চট্টগ্রামে বিনিয়োগ ও শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে এ নগরী দেশের অন্যতম প্রধান লজিস্টিক হাব হিসেবে গড়ে উঠবে বলে সরকারের প্রত্যাশা।

অর্থমন্ত্রী জানান, চলতি বাজেটে চট্টগ্রামকে কেন্দ্র করে লজিস্টিক অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া আনোয়ারা এলাকায় প্রায় ৬০০ একর জমির ওপর একটি ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, চট্টগ্রামকে কেন্দ্র করে একটি অর্থনৈতিক করিডোর এবং চীনা অর্থনৈতিক হাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে কার্গো ও লজিস্টিক হাব হিসেবে উন্নয়নের পরিকল্পনাও সরকারের রয়েছে।

এর আগে, গত এপ্রিলে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছিলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা।

তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রায়ণ, সৃজনশীল অর্থনীতি (ক্রিয়েটিভ ইকোনমি) এবং ক্রীড়া অর্থনীতির (স্পোর্টস ইকোনমি) বিকাশকে গুরুত্ব দিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

অর্থমন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। তার আশা, ভবিষ্যতে বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হবে।