দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সাউথ এশিয়ান কারাতে কাপ-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে দারুণ সাফল্য অর্জন করেছে বান্দরবানের লামা উপজেলার মহামনি শিশু সদনের ক্ষুদে কারাতে খেলোয়াড়রা। প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের হয়ে সর্বোচ্চ সংখ্যক পদক জয়ের গৌরব অর্জন করেছে তারা।

ক্ষুদে কারাতে খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্যে মহামনি শিশু সদনের ঝুলিতে এসেছে ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি তাম্রপদক। তাদের এই সাফল্যে লামা উপজেলাজুড়ে বইছে আনন্দের বার্তা। অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন একদল ক্ষুদে কারাতে যোদ্ধা।

প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১২ বালিকা একক কাতা বিভাগে স্বর্ণপদক জয় করেছে য়ুংপাও ম্রো। একই সঙ্গে অনূর্ধ্ব-১৪ বালিকা দলগত কাতায় স্বর্ণজয়ী দলের সদস্য য়ুংপাও ম্রো, চামরু ম্রো, হ্লা হ্লা নু ম্রো ও এম্যাছিং মার্মা।

এছাড়া অনূর্ধ্ব-১২ পুরুষ দলগত কাতায় স্বর্ণপদক অর্জন করেছে মেনপং ম্রো, রেংথন ম্রো, রেংওয়াই ম্রো ও ওয়াংথোয়াই।

অন্যদিকে, ক্যাডেট মহিলা দলগত কাতায় রৌপ্যপদক অর্জন করেছে উনুসাই মার্মা, উখিংওয়াং চাক, সাইমেথুই মার্মা ও সিংথাজাংপ্রু।

এছাড়া ক্যাডেট পুরুষ একক কাতায় রেংনিক ম্রো এবং ক্যাডেট বালিকা কুমিতে (+৬১ কেজি) বিভাগে সিংথাজাংপ্রু তাম্রপদক অর্জন করেছে।

ক্ষুদে খেলোয়াড়দের এই সাফল্যে মহামনি শিশু সদন, লামা উপজেলা প্রশাসনসহ স্থানীয় বিভিন্ন মহলে আনন্দের সৃষ্টি হয়েছে। তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মহামনি শিশু সদনের পক্ষ থেকে বলা হয়েছে, এই অর্জন শুধু শিশু সদনের নয়—এটি লামা, বান্দরবান তথা সমগ্র বাংলাদেশের গর্ব। সীমিত সুযোগ ও নানা প্রতিকূলতার মধ্যেও ক্ষুদে খেলোয়াড়দের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ দেখাবে।

সাফল্যের ধারাবাহিকতায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব ক্ষুদে কারাতে খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছে মহামনি শিশু সদন কর্তৃপক্ষ।

ক্ষুদে কারাতে যোদ্ধাদের এমন সাফল্যে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। তাদের প্রত্যাশা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা আরও উজ্জ্বল করবে লামার এই প্রতিভাবান খেলোয়াড়রা।