নওগাঁর রানীনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা গরুচোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া পাঁচটি গরু উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার আলোচিত গোনা গ্রামের গরু চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় বুধবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নাটোর জেলার সিংড়া থানার সুজিত ওরফে অজিত, নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার সুচন্দ্র রাজবংশী এবং বগুড়ার সান্তাহার এলাকার দোগাছি গ্রামের গোলাম রব্বানী।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, গ্রেপ্তারকৃত সুজিত ওরফে অজিতের বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া পাঁচটি গরু উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত গরু প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি গরুচোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।