নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে মহাদেবপুর উপজেলায় ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক কসমেটিকস ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুলাই বিকেলে মহাদেবপুর বাজারের কাজী সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে। এ সময় তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি কসমেটিকস দোকানে ব্যবসার আড়ালে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করা হচ্ছে।
অভিযানকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানদার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মানিক (৪৫), পিতা- গোপাল চন্দ্র, গ্রামের বাড়ি দুলালপাড়া, মহাদেবপুর, নওগাঁ।
পরে তার দেখানো মতে দোকানের ভেতরের একটি র‍্যাকে কালো পলিথিনে লুকিয়ে রাখা ৭ পাতায় মোট ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় আটক মানিকের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।