দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলা বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধার উন্নয়নে সমস্যা-সম্ভাবনার বিষয়ে মতবিনিময় ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।  
শুক্রবার (২৪ জুলাই ) দিনব্যাপী শহরের একটি হোটেলে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা এ আয়োজন করা হয়। এতে জেলাগুলোর কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও যোগাযোগ বিষয়ে কর্মরত ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।  
বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ডা. সি এম ইদ্রিসের সভাপতিত্বে ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার।
সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
রেজাউল করিম বাদশা বলেন, ‘বগুড়ার উন্নয়নমূলক কার্যক্রম ত্বরান্বিত করতে হবে। আমরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে বগুড়াসহ উত্তর জনপদের অবহেলিত জেলাগুলোকে উন্নয়নের ধারায় শামিল করতে চাই। ’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাছানাত আলি, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, সিভিল সার্জন বগুড়া ডা. খুরশিদ আলম, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর হোসনে আরা বেগম, সংস্থার উপদেষ্টা ডা. মশিউর রহমানসহ অন্যরা।