সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা (নিট) কেলেঙ্কারি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে আগামী সোমবার (২৭ জুলাই) দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মমতা বলেন, দেশের তরুণদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে তিনি শুরু থেকেই তাদের পাশে রয়েছেন। তার মতে, বিষয়টি শুধু একটি পরীক্ষায় অনিয়মের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার প্রশ্নও জড়িত।

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর আচরণেরও সমালোচনা করেন মমতা। তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানাতে রাস্তায় নামা শিক্ষার্থীদের সঙ্গে কঠোর আচরণ করা হয়েছে, যা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

মমতার দাবি, আন্দোলনস্থল ও আশপাশের এলাকায় যোগাযোগ ব্যবস্থা সীমিত করা হয়েছে। একই সঙ্গে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের অভিযোগও রয়েছে। এসব বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেন তিনি।

তৃণমূল নেত্রী আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলা হলেও আলোচিত প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এখনো জনগণের কাছে সন্তোষজনক জবাব দেওয়া হয়নি। প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনতে কেন এত বিলম্ব হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

দিল্লি সফরে বিরোধী রাজনৈতিক জোটের নেতাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানা গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো কর্মসূচি প্রকাশ করা হয়নি।

এদিকে, নিট ইস্যুকে কেন্দ্র করে শুক্রবার কলকাতার বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আন্দোলনকারীরা পরীক্ষায় অনিয়মের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সূত্র: এবিপি আনন্দ