নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশো ঋষিপাড়া এলাকায় জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এবং এসআই আশীষ কুমার সান্যালের নেতৃত্বে বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৬) রাত ৭টা ৫০ মিনিটে মান্দা থানার ১ নম্বর ভারশো ইউনিয়নের ভারশো ঋষিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে স্বপন ঋষি (৩৫), পিতা—শ্রী দুলাল ঋষি, সাং-ভারশো ঋষিপাড়া, থানা-মান্দা, জেলা-নওগাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির বারান্দার নিচে মাটির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ তালিকামূলে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় স্বপন ঋষিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।