নোয়াখালীর সুবর্ণচরে আলোচিত স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগের সংবাদ প্রকাশ করায় স্থানীয় দুই সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তের ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিক মো. রেদওয়ান হোসেন বাদী হয়ে চর জব্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ২২ জুলাই ২০২৬ তারিখে সংঘটিত স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. কামাল উদ্দিন (প্রকাশ সিএনজি কামাল) এর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পর ২৪ জুলাই ২০২৬ বিকেলে অভিযুক্তের ছেলে মো. আশরাফ ও মো. হেলাল উদ্দিন সাংবাদিক মো. রেদওয়ান হোসেন ও মাহামুদুল হাসানকে মোবাইল ফোন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং গ্রুপ কলে একাধিকবার প্রাণনাশের হুমকি দেন।

অভিযোগে বলা হয়, তারা সাংবাদিকদের একটি নির্দিষ্ট স্থানে যেতে বলে এবং সেখানে গেলে হত্যা করা হবে বলে হুমকি দেয়। এছাড়া সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং ‘দেখে নেওয়া হবে’ বলেও হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় সাংবাদিকরা নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টির তীব্র নিন্দা জানিয়ে সুবর্ণচর প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। এ ঘটনায় সাংবাদিক মো. রেদওয়ান হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।