বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় নৌকাডুবির ঘটনায় ৩৮ ঘণ্টা পর নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার ২৬ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে বিজিবির টেন্ডুমুখ ক্যাম্প সংলগ্ন নৌকাডুবির কাছাকাছি পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সাঙ্গু নদীতে লাশ ভেসে থাকতে দেখে বিজিবি ও ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।

থানচি থানার ওসি কানন সরকার জানান, বর্তমানে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের মরদেহটি টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

গত শুক্রবার ২৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে ৭ জনের একটি পর্যটকবাহী ইঞ্জিনচালিত নৌকা বড়পাথর এলাকায় সাঙ্গু নদীর তীব্র স্রোতে ডুবে যায়। এতে বিজিবির সহায়তায় ৪ পর্যটক, একজন নৌকার মাঝি ও একজন ট্যুরিস্ট গাইডকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

তবে নিখোঁজ হন পর্যটকদের সঙ্গী মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান। নিখোঁজের পর থেকেই বিজিবি, থানচি ফায়ার সার্ভিস, চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে।