পদত্যাগের দুদিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন থেকে বের হয়ে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবন ‘গ্রিন ভিলা’র উদ্দেশে রওনা হন।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হলেও তিনি প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালন করেন। পদত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি রাষ্ট্রীয় নানা কর্মসূচিতে অংশ নেন। রোববার বঙ্গভবন ছাড়ার মধ্য দিয়ে সরকারি বাসভবনে তার অবস্থানেরও অবসান হলো।
মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালের ২৪ জুলাই তিনি পদত্যাগ করেন। এরপর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
জানা গেছে, অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে যেতে চান বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।