পাঁচ দশক আগে মুক্তিযুদ্ধের সময় দেশের ফুটবল অঙ্গনের চিত্র এবার উঠে আসছে বড় পর্দায়। স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে নির্মিত স্পোর্টস ড্রামা চলচ্চিত্র ‘ঠিকানা বাংলাদেশ’ খুব শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস।
সিনেমাটির শুটিং শুরু হয়েছিল প্রায় তিন বছর আগে। দীর্ঘ অপেক্ষার পর শনিবার (২৫ জুলাই) চলচ্চিত্রটির ফার্স্ট লুক প্রকাশের পাশাপাশি দর্শকদের সঙ্গে মুক্তি নিয়ে কথোপকথন শুরু করেন নির্মাতা। এরপর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ঠিকানা বাংলাদেশ’-এর ফার্স্ট লুক শেয়ার করে নির্মাতা অনম বিশ্বাস লিখেছেন, ‘অনেক ঝড়-ঝঞ্ঝার ভেতর দিয়ে “ঠিকানা বাংলাদেশ” প্রায় শেষের পথে। তাই ২৫ জুলাই, ২০২৬—আমরা দর্শকদের সঙ্গে কথা বলা শুরু করছি। ৭১-এর এই দিনেই এক রক্ত-গরম ফুটবল ম্যাচের ভেতর দিয়ে শুরু হয়েছিল স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প। প্রথমবারের মতো সেদিন লাল-সবুজের পতাকা উড়েছিল দেশের বাইরে। আমাদের কথোপকথন শুরু হোক এই ঐতিহাসিক দিনে।’
চলচ্চিত্রটির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা রেজওয়ান পারভেজ। সিনেমাটিতে নিজের চরিত্র সম্পর্কে বিস্তারিত জানাতে না চাইলেও তিনি জানান, স্বাধীন বাংলা ফুটবল দলকে ঘিরেই নির্মিত হয়েছে সিনেমাটির গল্প।
রেজওয়ান পারভেজ বলেন, ‘স্বাধীন বাংলা ফুটবল টিম নিয়ে এই গল্প, তা দিয়েই সিনেমাটি তৈরি হয়েছে। তবে আমার চরিত্রটি কী হবে, তা এখনই বলতে চাইছি না।’
পরিচালক অনম বিশ্বাসের সঙ্গে এর আগেও একাধিক বিজ্ঞাপন, ফিকশন ও একটি সিরিজে কাজ করেছেন রেজওয়ান পারভেজ। নির্মাতার সঙ্গে তার কাজের সম্পর্ক ও বোঝাপড়াও বেশ ভালো বলে জানান তিনি।
রেজওয়ান বলেন, ‘দাদার সঙ্গে কাজের দিক থেকে আমার বন্ডিংটা খুবই ভালো। কাজের অভিজ্ঞতাও চমৎকার। তিনি খুবই ঠান্ডা মাথার নির্মাতা এবং খুব সুন্দরভাবে চরিত্রটি বুঝিয়ে দিতে পারেন।’
গুণী নির্মাতাদের সঙ্গে কাজ করার সুবিধার কথাও তুলে ধরেন এই অভিনেতা। তার ভাষ্য, দক্ষ নির্মাতারা অভিনয়শিল্পীদের প্রয়োজনীয় স্পেস দেন, তাদের আবেগ ও মনস্তত্ত্ব বোঝেন। ফলে নির্মাতা ও অভিনয়শিল্পীর মধ্যে ভালো সমন্বয় থাকলে কাজের চ্যালেঞ্জ অনেকটাই সহজ হয়ে যায়।
নিজের অভিনয় প্রসঙ্গে রেজওয়ান পারভেজ বলেন, ‘এই সিনেমার শুটিং তো আসলে ২০২২ সালে হয়েছে। এখন যদি শুটিং হতো, হয়তো অভিনয়ের ভাবনাটা একটু অন্যরকম হতে পারত। তিন বছর আগের অভিনয়ের ভাবনা আর এখনকার অভিনয়ের ভাবনা তো এক নয়। সিনেমাটির শুটিং এখন হলে হয়তো চরিত্রটি নিয়ে একটু অন্যভাবে ভাবতাম। তবে আশা করছি, আমার কাজ ও চরিত্র আপনাদের ভালো লাগবে। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ থাকল।’
‘ঠিকানা বাংলাদেশ’-এ অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রেজওয়ান পারভেজ, ইরফান সাজ্জাদসহ আরও অনেকে।
সিনেমাটির প্রকাশিত পোস্টারেও ফুটে উঠেছে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের আবহ। পোস্টারে ফুটবল হাতে একজন ফুটবলারকে দূরদৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পেছনে যুদ্ধবিধ্বস্ত ১৯৭১ সালের নদীমাতৃক বাংলাদেশের চিত্র, এক পাশে উড়ছে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা। আকাশে যুদ্ধবিমান এবং দিগন্তে যুদ্ধের ধোঁয়া পুরো দৃশ্যপটে তৈরি করেছে ঐতিহাসিক ও নাটকীয় আবহ।
স্বাধীন বাংলা ফুটবল দলের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধ এবং দেশের স্বাধীনতার সংগ্রামের সঙ্গে ফুটবলের ঐতিহাসিক ভূমিকা—সব মিলিয়ে ‘ঠিকানা বাংলাদেশ’ দর্শকদের সামনে তুলে ধরতে যাচ্ছে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। খুব শিগগিরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।