একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা শেরপুরের তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) আনারকলি মাহবুবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। ২০১৮ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ৩২ জন তৎকালীন জেলা প্রশাসককে (বর্তমানে যুগ্ম সচিব) একই আদেশে অবসরে পাঠানো হয়েছে।
সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। অবসরে পাঠানোর আগে আনারকলি মাহবুবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে তাঁদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী তাঁরা অবসরজনিত সব সুবিধা পাবেন এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
সরকারি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন এসব কর্মকর্তা। ওই নির্বাচনে ‘দিনের ভোট রাতে’ সম্পন্ন হওয়ার অভিযোগকে কেন্দ্র করে তাঁদের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক ছিল। সেই প্রেক্ষাপটে তাঁদের কর্মকাণ্ড পর্যালোচনা করে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
আনারকলি মাহবুব ২০তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি রংপুরের একজন বীর মুক্তিযোদ্ধার এবং সাবেক যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তার কন্যা। ২০১৮ সালের ৯ আগস্ট শেরপুরের ২৪তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় আড়াই বছর দায়িত্ব পালন শেষে ২০২১ সালের ৩১ মে তিনি বদলি হন। ওই সময় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বও পালন করেন।