বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ বা শাস্তি দিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। এ জন্য সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সবাইকে সম্পৃক্ত করে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সবাইকে সম্পৃক্ত করে আমরা মাদকবিরোধী অভিযান শুরু করেছি। সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন—সবাইকে নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। এটি ছাড়া বিকল্প কোনো পথ নেই।’
তিনি বলেন, ‘শুধুমাত্র আইন প্রয়োগ বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। আমরা যে পদক্ষেপগুলো নিতে চাই, সেগুলোর মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা করছি।’
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।