বাংলাদেশের সব সম্প্রদায়ের মানুষের পাশে থেকে তাদের এগিয়ে নিতে বিএনপি কাজ করতে চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক ও ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে এসব সহায়তা বিতরণ করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নৃগোষ্ঠীর সমতলের একজনকে এবারই প্রথম সংসদীয় আসনে মনোনয়ন দিয়েছে। একই সঙ্গে খ্রিষ্টান সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় ও তফসিলভুক্ত নারীদেরও মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এভাবে সব কমিউনিটির কাছে আসতে চাই। তাদের সামনে এগিয়ে নিতে চাই। তাদের সমস্যাগুলো সমাধান করতে চাই।’

তিনি বলেন, যারা উদ্যোক্তা হতে চান, বিনিয়োগ করতে চান কিংবা ছোট ছোট প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, তাদের এই তহবিল থেকে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি তাদের এলাকায় কোনো সমস্যা থাকলে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা কাজ করতে চাই, আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই, আপনাদের অবস্থানের পরিবর্তন করতে চাই। আপনাদেরও এগিয়ে আসতে হবে এবং আমাদের সহযোগিতা করতে হবে।’

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন পর্যায়ের মানুষ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।