বিশ্বজুড়ে বক্স অফিসে দুর্দান্ত সাফল্য ধরে রেখে মুক্তির মাত্র ১২ দিনের মধ্যেই ৭০০ মিলিয়ন ডলারের গণ্ডি পেরিয়েছে ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দ্য ওডিসি’। প্রখ্যাত নির্মাতার গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত সিনেমাটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৭২৭ দশমিক ৯ মিলিয়ন ডলার (প্রায় ৮ হাজার ৫৮৬ কোটি টাকা) আয় করেছে।

বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, উত্তর আমেরিকায় সিনেমাটির আয় ৩২০ দশমিক ৫ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৪০৭ দশমিক ৪ মিলিয়ন ডলার। ফলে মুক্তির দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি ২০২৬ সালের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে।

চলতি বছরে সর্বোচ্চ আয়ের তালিকায় শীর্ষে রয়েছে ‘টয় স্টোরি ৫’, যার আয় ১.০২ বিলিয়ন ডলার। এরপর রয়েছে ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ এবং ‘মাইকেল’, দুটি ছবিই ১.০০১ বিলিয়ন ডলার আয় করেছে।

বিশ্লেষকদের ধারণা, আগামী সপ্তাহের মধ্যেই ‘দ্য ওডিসি’ এক বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করবে। এমনটি হলে এটি নোলানের ক্যারিয়ারের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্যে পরিণত হবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র বাজার চীনে এখনো সিনেমাটি মুক্তি পায়নি। আগামী ১৪ আগস্ট দেশটিতে প্রায় ৮০০টি আইম্যাক্স পর্দা এবং হাজার হাজার সাধারণ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। ফলে মুক্তির পর আয় আরও দ্রুত বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে সনি ও মার্ভেলের বহুল আলোচিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। নতুন এই সিনেমা বক্স অফিসে শক্ত প্রতিদ্বন্দ্বিতা তৈরি করলেও বিশ্লেষকদের মতে, ‘দ্য ওডিসি’ তার শক্তিশালী ব্যবসায়িক ধারা ধরে রাখতে সক্ষম হবে। তৃতীয় সপ্তাহান্তে ছবিটি আরও ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার আয় করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

হোমারের প্রায় ৩ হাজার বছরের পুরোনো মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’-তে গ্রিক রাজা ওডিসিউস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ড্যামন। প্রায় ২৫০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এটি ক্রিস্টোফার নোলানের পরিচালিত সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র।

সিনেমা বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক দিক থেকে এটি খুব শিগগিরই নোলানের আগের ব্লকবাস্টার ‘দ্য ডার্ক নাইট’ (১.০০৮ বিলিয়ন ডলার) এবং ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ (১.০৮ বিলিয়ন ডলার)-এর আয়ও ছাড়িয়ে যেতে পারে।

ছবিটির সাফল্যের অন্যতম বড় কারণ আইম্যাক্স প্রদর্শনী। ইতিহাসের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এটি সম্পূর্ণ আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। ফলে বিশ্বজুড়ে আইম্যাক্স শোগুলোর টিকিট কয়েক সপ্তাহ আগেই বিক্রি হয়ে যায়।

এ পর্যন্ত ছবিটির মোট আয়ের মধ্যে ১৪০ মিলিয়ন ডলার এসেছে শুধু আইম্যাক্স প্রদর্শনী থেকে। এছাড়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর আইম্যাক্স ইতিহাসে দ্বিতীয় দ্রুততম চলচ্চিত্র হিসেবে মাত্র ১০ দিনে ১০০ মিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে ‘দ্য ওডিসি’।