জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ ২০২৭ সালের শেষ নাগাদ বৈশ্বিক জনবলের প্রায় ৫ শতাংশ, অর্থাৎ অন্তত ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। ইউরোপে উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং চীনের বাজারে গাড়ি বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও ব্লুমবার্গ-এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই ছাঁটাইয়ের সবচেয়ে বড় প্রভাব পড়বে জার্মানির কর্মীদের ওপর।

প্রতিবেদন অনুযায়ী, গবেষণা, উন্নয়ন, পরিকল্পনা ও অন্যান্য কর্পোরেট বিভাগের কর্মকর্তাদের জন্য একটি বিশেষ স্বেচ্ছায় অবসর বা বিদায়কালীন প্যাকেজ চালু করতে যাচ্ছে বিএমডব্লিউ। তবে উৎপাদন কারখানার সাধারণ শ্রমিকদের এই কর্মসূচির আওতায় রাখা হয়নি।

প্রতিষ্ঠানটির সিইও মিলান নেদেলকোভিচ চলতি সপ্তাহে কর্মীদের সঙ্গে বৈঠকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে। পরিকল্পনাটি আগামী অক্টোবর থেকে শুরু হয়ে ২০২৭ সাল পর্যন্ত চলবে।

এদিকে, জার্মানির অটোমোবাইল শিল্পে মন্দার প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। বিএমডব্লিউর এই সিদ্ধান্তের একদিন আগে বিলাসবহুল গাড়ি নির্মাতা পোরশে ২০৩৫ সালের মধ্যে আরও ৫ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানিয়েছে। পাশাপাশি দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফোক্সভাগেনও দীর্ঘমেয়াদি মন্দা মোকাবিলায় প্রায় ১ লাখ কর্মী ছাঁটাইয়ের বিষয়টি বিবেচনা করছে।

জার্মানির শীর্ষ ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব জার্মান ইন্ডাস্ট্রিজ (বিডিআই) জানিয়েছে, বর্তমানে দেশটির শিল্প খাতে প্রতি মাসে প্রায় ১৫ হাজার মানুষ চাকরি হারাচ্ছেন। এ পরিস্থিতি দেশের সামগ্রিক অর্থনীতির জন্য উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশেষজ্ঞদের মতে, ইউরোপের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ জার্মানি টানা কয়েক বছর ধরে প্রায় স্থবির প্রবৃদ্ধির মধ্যে রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর রুশ জ্বালানির ওপর নিষেধাজ্ঞার ফলে প্রাকৃতিক গ্যাসের দাম কয়েকগুণ বেড়ে যায়, যা উৎপাদন ব্যয় বাড়িয়ে শিল্প খাতকে আরও চাপে ফেলেছে।

সূত্র: রয়টার্স ও ব্লুমবার্গ