৫ আগস্টের কর্মসূচি সফল করতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধাদের সম্মিলিত উদ্যোগের আহ্বান

রংপুরের তারাগঞ্জ উপজেলায় আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাববর হোসেন।
সভার প্রধান আকর্ষণ ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের দুই বীর যোদ্ধা, যারা তারাগঞ্জ উপজেলার গর্ব। তারা আন্দোলনের দিনগুলোর স্মৃতিচারণ করেন এবং নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগের বার্তা পৌঁছে দিতে সকলের প্রতি আহ্বান জানান।

সভায় আগামী ৫ আগস্টের কর্মসূচি সফল, সুশৃঙ্খল ও অর্থবহভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করার বিষয়েও মতবিনিময় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাববর হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিবসটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে নতুন প্রজন্মের কাছে এর তাৎপর্য তুলে ধরতে হবে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সকলের সহযোগিতায় কর্মসূচি সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রাজনৈতিক মতভেদ ভুলে এই জাতীয় দিবস পালনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করা উচিত।

সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দিবসটির কর্মসূচি সফল করতে বিএনপির নেতাকর্মীরাও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সর্বাত্মক সহযোগিতা করবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বি এন পি র সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক কোবায়েদ, তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ইয়াহিয়া কাজল, এমপি প্রতিনিধি আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কাজ্জিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষকমণ্ডলী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় অংশগ্রহণকারীরা দিবসটি ঘিরে আয়োজিত কর্মসূচি সফল করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং জাতীয় গুরুত্বসম্পন্ন এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

মোঃ মুঈদ চৌধুরী
তারাগঞ্জ, রংপুর