রাজধানীর কাঁচাবাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এক সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৪০০ টাকায়, যা নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম বেড়েছে। তবে বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, প্রতিদিনই নিত্যপণ্যের দাম বাড়ছে, ফলে সংসারের খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।
সবজির বাজারেও নেই স্বস্তি। প্রায় সব ধরনের সবজিই ৭০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। এর মধ্যে বেগুন ও বরবটির দাম সবচেয়ে বেশি, প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা। কাঁকরোল ও করলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে।
এদিকে ডিম ও চালের বাজারেও বেড়েছে দাম। ফার্মের মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৮ টাকায়। ডজন কিনতে গুনতে হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা। একই সঙ্গে বেড়েছে চিনিগুড়া চালের দামও।
মুরগির বাজারেও ঊর্ধ্বমুখী দাম। খুচরা বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি এবং সোনালি মুরগি ৩২০ থেকে ৩৪০ টাকা কেজি দরে।
অন্যদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকায়। খাসির মাংস কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে প্রায় ১ হাজার ২০০ টাকা।
ক্রমাগত মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ক্রেতারা।