রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন। এ সময় সঙ্গে ছিলেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন।
জানা গেছে, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত, সড়কবাতি, যান চলাচল এবং নগরসেবার সামগ্রিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে থেমে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাতের বেলায় নগর ব্যবস্থাপনা কীভাবে পরিচালিত হচ্ছে এবং কোথায় কী ধরনের সমস্যা রয়েছে, তা সরাসরি দেখতে এই আকস্মিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নগরবাসীর ভোগান্তি কমাতে সেবার মান আরও উন্নত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
সূত্র আরও জানায়, রাজধানীর নাগরিক সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী নগরের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।