হলিউড তারকা টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত বহুল প্রতীক্ষিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ভারতের বক্স অফিসে রেকর্ড গড়ে যাত্রা শুরু করেছে। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ভারতের ইতিহাসে কোনো হলিউড চলচ্চিত্রের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের নতুন রেকর্ড গড়েছে।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক প্রতিষ্ঠান স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, ৩০ জুলাই ভারতে মুক্তির প্রথম দিনে সিনেমাটির মোট (গ্রস) আয় হয়েছে ৭২ দশমিক ৪৪ কোটি রুপি। এর মধ্যে নিট আয় ৬০ দশমিক ৬০ কোটি রুপি, যা ভারতে মুক্তিপ্রাপ্ত কোনো হলিউড সিনেমার প্রথম দিনের সর্বোচ্চ নিট আয়।

এর মাধ্যমে মার্ভেলের নতুন এই সিনেমা ভেঙে দিয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর প্রথম দিনের ৫৩ দশমিক ৬০ কোটি রুপি নিট আয় এবং ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’-এর ৪০ দশমিক ৩০ কোটি রুপির রেকর্ড।

শুধু হলিউড নয়, ভারতীয় সিনেমারও বেশ কয়েকটি বড় উদ্বোধনী রেকর্ড পেছনে ফেলেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ছবিটি শাহরুখ খান অভিনীত ‘পাঠান’-এর ৬৭ দশমিক ১৯ কোটি রুপির প্রথম দিনের গ্রস আয় ছাড়িয়ে গেছে। তবে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ এখনও ৭৬ দশমিক ১০ কোটি রুপি নিয়ে প্রথম স্থানে রয়েছে।

বিশেষভাবে আলোচনায় এসেছে, কোনো ধরনের আগাম ব্লক বুকিং সুবিধা ছাড়াই সাধারণ টিকিট বিক্রির মাধ্যমে এই রেকর্ড গড়েছে সিনেমাটি।

প্রথম দিনের প্রদর্শনীতে দর্শকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশজুড়ে সিনেমাটির গড় হল দখল (অকুপেন্সি) ছিল ৫৬ দশমিক ৫৮ শতাংশ। দিনের শেষ ভাগে রাতের শোগুলোতে উপস্থিতি বেড়ে ৬৫ দশমিক ১১ শতাংশে পৌঁছায়, যা সিনেমাটির প্রতি দর্শকদের ব্যাপক আগ্রহেরই প্রতিফলন।

বিশ্লেষকদের ধারণা, একই ধারা অব্যাহত থাকলে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ভারতে সর্বকালের সর্বোচ্চ আয়কারী হলিউড সিনেমার রেকর্ডও গড়তে পারে। বর্তমানে এ তালিকার শীর্ষে রয়েছে ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’, যার আয় ৪৭৭ দশমিক ৫০ কোটি রুপি। দ্বিতীয় স্থানে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, যার আয় ৪৪৫ কোটি রুপি।

স্যাকনিল্কের প্রাথমিক তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক মুক্তির এক দিন আগেই ভারতে মুক্তি পাওয়া সিনেমাটি ইতোমধ্যে বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে।

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম এই ছবিটি পরিচালনা করেছেন ডেসটিন ড্যানিয়েল ক্র্যাটন। এতে টম হল্যান্ড ও জেনডায়ার পাশাপাশি অভিনয় করেছেন সেডি সিঙ্ক, জ্যাকব বাটালন, জন বার্নথাল, ফ্লরেন্স পিউ, ট্রামেল টিলম্যান, মারিসা টোমে ও মার্ক রাফালো। ছবিটি ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ (২০১৭), ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ (২০১৯) এবং ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ (২০২১)-এর ধারাবাহিক সিক্যুয়েল।

সূত্র: এনডিটিভি (NDTV)