মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বাদসা মুন্সির ওপর হামলার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে মাদারীপুর শহরের ইটেরপুল এলাকায় আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত তুহিন দর্জি তার সহযোগী রানাব, রিয়াদ এবং আরও ৪–৫ জনকে সঙ্গে নিয়ে বাদসা মুন্সির ওপর অতর্কিত হামলা চালান।

অভিযোগে বলা হয়, হামলার সময় তুহিন দর্জি ও তার সহযোগীরা হকি স্টিক ও লাঠি দিয়ে বাদসা মুন্সিকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় তুহিন দর্জি বলেন,এই  বাদশা এদিকে আয় “বিএনপির লোক খুঁজি”, এরপর তিনি হকি স্টিক দিয়ে বাদসা মুন্সির মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগে আরও বলা হয়েছে, তুহিন দর্জি আওয়ামী লীগ নেতা জাকির দর্জির ছেলে। এছাড়া তার বিরুদ্ধে অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে।