শিশুদের সুস্থ, সৃজনশীল ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলাকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, শিশুদের শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না রেখে নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি অভিভাবকদেরও শরীরচর্চা ও খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (১ আগস্ট) রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৫ শিক্ষাবর্ষে পল্লবী থানার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে। ফুটবল, ক্রিকেট, সাঁতার, মার্শাল আর্টসহ বিভিন্ন ক্রীড়া পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত থাকবে। শুধু লিখিত পরীক্ষা নয়, মাঠে ব্যবহারিক মূল্যায়নের ব্যবস্থাও রাখা হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে দেশের শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করা হচ্ছে। গত ১ জুলাই থেকে এ কর্মসূচির অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। ১০ থেকে ১৪ বছর বয়সী শিশুরা এতে অংশ নিতে পারবে।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের খেলাধুলার সুযোগ করে দিলে তাদের মধ্য থেকেই ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে উঠবে।

মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহারে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, শিশুদের মাঠে ফিরিয়ে আনতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। মাঠে সময় কাটালে তারা প্রযুক্তির আসক্তি ও মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকবে।

তিনি আরও জানান, দেশের প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে খেলার মাঠ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিয়ে প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। বিভিন্ন খেলার মাঠে প্রবীণদের হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগও নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ড. এল. এম. কামরুজ্জামান প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব জয়নুল আবেদীন জয়, শিক্ষা সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এটিএম অলিউল হাসানাত তুহিন, পল্লবী থানা আহ্বায়ক আলী আকবর এবং সাধারণ সম্পাদক এরশাদ হোসেন। সভাপতিত্ব করেন পল্লবী থানা শাখার সভাপতি মো. হায়দার ইসলাম।