সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, গণমানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী জুলাই। আমাদের স্মৃতিতে জুলাই দীর্ঘ—৩৬ দিনের এক মাস। এই মাস আমাদের মনে করিয়ে দেয়, অন্যায়ের বিরুদ্ধে এ জাতি কতটা শক্তিশালীভাবে ঐক্যবদ্ধ হতে পারে।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আন্দোলনে আহত, দৃষ্টিশক্তি হারানো এবং পঙ্গুত্ব বরণকারীদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানান।
তিনি বলেন, জুলাই কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর নয়; এটি সর্বস্তরের মানুষের আন্দোলন। স্কুল, কলেজ, মাদ্রাসা, পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আলোকচিত্রী, পথচারী, রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি, লেখক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ড. ইউনূস আরও বলেন, রিকশাচালক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন পেশার নাগরিক নিজ নিজ অবস্থান থেকে আন্দোলনে অংশ নিয়েছেন। যুদ্ধকালীন পরিস্থিতির মতো ঝুঁকিপূর্ণ পরিবেশেও চিকিৎসকেরা আহতদের জীবন বাঁচাতে নিরলসভাবে কাজ করেছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও আন্দোলনের প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছেন।
বিবৃতিতে জুলাই আন্দোলনে নারীদের সাহসিকতার বিশেষ প্রশংসা করে তিনি বলেন, তাদের এই অবদান দেশের ভবিষ্যৎ প্রজন্মের নারীদের অনুপ্রাণিত করবে। একইভাবে শিক্ষার্থীদের নেতৃত্ব আগামী দিনের তরুণ সমাজের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
জুলাই গণঅভ্যুত্থান থেকে পাওয়া শিক্ষার কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হলে সবচেয়ে দুর্ভেদ্য মনে হওয়া কাঠামোকেও পরিবর্তন করা সম্ভব। গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি জাতিকে ঐক্যবদ্ধ থেকে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।