যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশের পাশাপাশি নোয়াখালীতেও পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।

মঙ্গলবার (৫ আগস্ট) ভোর ৬টায় নোয়াখালী জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এ সময় জুলাই শহীদদের স্মরণে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, জেলা পরিষদ প্রশাসক হারুন অর রশিদ, জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলোসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে সকাল ১১টায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এছাড়া জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জুলাই আন্দোলনের ওপর বস্তুনিষ্ঠ ও দুর্লভ আলোকচিত্র এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনসহ জেলার সব উপজেলায় আলোচনা সভা, জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়েছে।