ঢাকার নবাবগঞ্জে সম্পন্ন হলো ‘সুজাপুর নবারুণ সংঘ আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় সুজাপুর নবারুণ সংঘ মাঠে আয়োজিত বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে জামশা ফুটবল একাডেমিকে টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নয়াবাড়ী রেড ড্রাগন্স।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও পাল্টা-আক্রমণে জমে ওঠে দুই দলের শিরোপা নির্ধারণী লড়াই। নির্ধারিত সময়ের খেলায় উভয় দলই চোখধাঁধানো ফুটবল উপহার দেয়। মাঠের ৯০ মিনিটের লড়াই ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেন রেফারি। স্নায়ুচাপের এই টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে উল্লাসে মেতে ওঠেন নয়াবাড়ী রেড ড্রাগন্সের খেলোয়াড় ও সমর্থকেরা।
সুজাপুর নবারুণ সংঘের সভাপতি মামুন মিয়ার সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবাবগঞ্জ ও আশপাশের অঞ্চল থেকে আসা বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খেলা শেষে প্রধান অতিথি খন্দকার আবু আশফাক ও আমন্ত্রিত অতিথিরা বিজয়ী চ্যাম্পিয়ন দল নয়াবাড়ী রেড ড্রাগন্স এবং রানারআপ দল জামশা ফুটবল একাডেমির অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
স্থানীয় ক্রীড়ামোদীদের মতে, সুজাপুর নবারুণ সংঘের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট নবাবগঞ্জের তরুণ সমাজকে খেলাধুলার প্রতি পুনরায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।