বৈষম্য ও দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে বগুড়াসহ উত্তরাঞ্চলের ন্যায্য উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী। শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে ৪০০ একর জমিতে বিসিক শিল্পপার্ক, বহুমাত্রিক বিশ্ববিদ্যালয় নির্মাণ, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের ভিত্তিপ্রস্তর স্থাপন, বগুড়া বিমানবন্দরে ফ্লাইট চালুর উদ্যোগ, শহরের রেললাইনের ওপর ওভারপাস, সড়ক জোন, আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামসহ ক্রীড়াগ্রাম নির্মাণ এবং করতোয়া নদী পুনরুজ্জীবনের পরিকল্পনার কথা জানিয়েছেন তারা।
শনিবার (৮ আগস্ট) বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেন, ‘আমাদের জরিপে বগুড়ার শিল্পের উন্নয়নে ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু সেই চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি। এর পরিপ্রেক্ষিতে বগুড়ায় ৪০০ একর জমির ওপর বিসিক শিল্পপার্ক তৈরি করা হবে।’
তিনি বলেন, বগুড়া সবার আবেগের কেন্দ্র। এ অঞ্চলের শিল্প ও ব্যবসার সম্ভাবনা কাজে লাগাতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল ইসলাম। তিনি বলেন, ‘গত ২০ বছর বগুড়া বঞ্চিত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অথচ বগুড়ার মানুষ দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এ অঞ্চলের মানুষ পরিশ্রমী ও সৎ। জাতীয় অগ্রগতির স্বার্থেই বগুড়ার উন্নয়ন করা হচ্ছে।’
বগুড়ার রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বগুড়ার সন্তান। দেশ গঠনে তাঁর অবদান স্মরণীয়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বগুড়ার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘বগুড়া খাদ্য উদ্বৃত্ত একটি জেলা। বগুড়ায় উৎপাদিত পণ্য প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার বাজার তৈরি করে পুরো দেশ-বিদেশে যায়। অথচ এতদিন আমরা অবহেলিত ছিলাম। বৈষম্যহীন বাংলাদেশে বগুড়ার ঘাটতি পূরণ করে ন্যায্যতার ভিত্তিতে উন্নয়ন করা হচ্ছে।’
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামী নভেম্বর-ডিসেম্বরে প্রধানমন্ত্রী এই রেলপথের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বগুড়া বিমানবন্দর নিয়েও আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘২০২৭ সালের জানুয়ারির মধ্যে যেন অন্তত দেশের অভ্যন্তরীণ রুটে বিমানবন্দরটি চালু করা যায়, সে চেষ্টা চলছে।’
তিনি আরও জানান, আগামী মাস থেকে ড্রোন তৈরির কারখানার কাজ শুরু হবে। বগুড়া শহরের যানজট নিরসনে রেললাইনের ওপর ওভারপাস নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
করতোয়া নদী প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, সরকারের উদ্যোগে একসময়ের খরস্রোতা করতোয়া নদীতে আবার প্রাণ ফিরে আসছে।
ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বগুড়ার তিনমাথায় ক্রীড়াগ্রাম নির্মাণ করা হবে। সেখানে আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়ামসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা থাকবে।
বগুড়ার ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘বগুড়ার সঙ্গে গোপালগঞ্জের তুলনা চলে না। বগুড়ার ওপর দিয়ে ১৩টি জেলার মানুষ যাতায়াত করে। কৃষি, শিল্পসহ সবদিক থেকেই বগুড়া সমৃদ্ধ।’
তিনি আরও বলেন, ‘গত ২০ বছর বগুড়াকে নানাভাবে বঞ্চিত করা হয়েছে। বগুড়ার নাম শুনলেই গত ২০ বছর নানা অবহেলা করা হয়েছে।’ তিনি অতিরিক্ত উন্নয়ন নয়, বরং দীর্ঘদিনের বঞ্চনার অবসান এবং ন্যায্য উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম এবং বগুড়া চেম্বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু বক্তব্য দেন।
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি আতিকুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।