দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে উচ্ছ্বসিত কাশিয়ানীবাসী, নতুন ট্রেন সার্ভিসে যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনা
ঢাকা–গোপালগঞ্জ রুটে এক জোড়া কমিউটার ট্রেন সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই ট্রেন সার্ভিস চালু হওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। নতুন এই রেল যোগাযোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
সোমবার (১০ আগস্ট ২০২৬) কাশিয়ানীর মহেশপুর রেল স্টেশনে আনুষ্ঠানিকভাবে এ ট্রেন সার্ভিসের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব সেলিমুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব এস এম জেলানি এবং গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনাব ডা. কে এম বাবর। এছাড়া শিক্ষক, লেখক ও সাংবাদিক জনাব সাবরিনা বিনতে আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি জনাব গোলাম মোস্তফা মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাশিয়ানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শেখ মোহাম্মদ সেলিম।
এ সময় মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
নতুন কমিউটার ট্রেন সার্ভিস চালু হওয়ায় কাশিয়ানীর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ দেখা যায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঢাকা ও গোপালগঞ্জের মধ্যে সহজ ও সাশ্রয়ী রেল যোগাযোগের প্রত্যাশা ছিল তাদের। নতুন এই ট্রেন সার্ভিস চালুর মধ্য দিয়ে সেই প্রত্যাশা অনেকটাই পূরণ হয়েছে।
কাশিয়ানীর কয়েকজন বাসিন্দা বলেন, “দীর্ঘদিনের আশা আজ পূরণ হয়েছে। এই ট্রেন চালু হওয়ায় ঢাকা ও গোপালগঞ্জে যাতায়াত আরও সহজ হবে। বিশেষ করে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও চাকরিজীবীদের জন্য এটি বড় সুবিধা হবে।”
স্থানীয়রা নতুন এই রেল সার্ভিস নিয়মিত ও সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি ভবিষ্যতে আরও ট্রেন বাড়ানোর দাবি জানান। তাদের প্রত্যাশা, কমিউটার ট্রেন সার্ভিসটি কাশিয়ানীসহ আশপাশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।