সিলেটের জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে জিয়াসমিন আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্বামী রশিদ আহমেদ ও তার প্রথম স্ত্রী রুশনা বেগমকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াগাতী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিয়াসমিন আক্তার ওই এলাকার বশির আহমদের মেয়ে। তিনি রশিদ আহমেদের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে জিয়াসমিনকে নির্যাতনের অভিযোগ ছিল। মঙ্গলবার দুপুরে স্বামী ও সতিনের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বিরোধের একপর্যায়ে জিয়াসমিনকে মারধরের অভিযোগ ওঠে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, ঘটনায় নিহতের স্বামী রশিদ আহমেদ ও তার অপর স্ত্রী রুশনা বেগমকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা বা নির্যাতনের অভিযোগের সত্যতাও তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।