ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারানো ধানবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে মোস্তফা কামাল (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের সরকারি কলেজ সংলগ্ন গো-হাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা কামাল উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের সোবহান আলীর ছেলে। স্থানীয়দের কাছে তিনি ‘মোস্তফা জামাই’ নামে পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এমকে সুপার পরিবহনের একটি বাস বিকেল ৪টার দিকে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের গেট অতিক্রম করে পৌর বাজারের দিকে যাচ্ছিল। বাসটি গো-হাটা মোড়ে পৌঁছে সামনে থাকা একটি ধানবোঝাই ট্রলিতে ধাক্কা দেয়। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে মোস্তফা কামালের ওপর উঠে যায়। ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে গুরুতর আহত অবস্থায় মোস্তফা কামালকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টা ১৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় পুলিশ ধাওয়া করে বাসটি আটক করে থানায় নিয়ে যায়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।