নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন পুনর্গঠন করে নতুন ১০ নং ইয়ারপুর ইউনিয়ন গঠিত হয়েছে। নতুন ইউনিয়ন গঠনের মধ্য দিয়ে সেনবাগ উপজেলায় এখন ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে স্থানীয় সরকার ব্যবস্থা আরও বিস্তৃত হলো।
নতুন এ ইউনিয়নের গেজেট প্রকাশিত হওয়ায় স্থানীয়দের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। নতুন ইউনিয়নকে স্বাগত জানাতে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন ইউনিয়নের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, জনসেবা সহজীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
স্থানীয়দের প্রত্যাশা, ১০ নং ইয়ারপুর ইউনিয়ন প্রতিষ্ঠার ফলে ইউনিয়ন পরিষদের সেবা, সরকারি উন্নয়ন কার্যক্রম, নাগরিক সুবিধা ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও সহজে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। একই সঙ্গে নতুন ইউনিয়নের যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।
নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগকে ঘিরে সংশ্লিষ্ট এলাকার মানুষের মধ্যে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আনন্দ বিরাজ করছে। তারা মনে করছেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে ইয়ারপুর ইউনিয়ন একটি আধুনিক, জনবান্ধব ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে।
নতুন ইউনিয়নের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পাশাপাশি সেনবাগের মানুষের পক্ষ থেকে মাননীয় সাবেক সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।স্বাগত ১০ নং ইয়ারপুর ইউনিয়ন।
জনসেবার নতুন দিগন্ত, উন্নয়নের নতুন প্রত্যাশা।নতুন ইউনিয়নের সর্বাঙ্গীণ সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।