দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ে দুই হেভিওয়েট প্রার্থীর পক্ষে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কমিশনে তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে।

এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী ড. কর্নেল (অব.) অলি আহমেদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। দুপুর ১২টার দিকে জোটের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে এসে মনোনয়নপত্র দুটি জমা দেন।

অন্যদিকে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বেলা আড়াইটার দিকে বিএনপির প্রতিনিধি দল কমিশনে গিয়ে এটি জমা দেয়।

তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হবে। এ সময় সহযোগিতার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তাও উপস্থিত থাকবেন।

যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ইসি সচিব আখতার আহমেদ বলেন, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা নেওয়ার পুরো প্রক্রিয়া অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে প্রার্থীদের বৈধতা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

প্রধান দুটি রাজনৈতিক শক্তির পক্ষ থেকে প্রার্থী দেওয়ায় এবারের রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।