কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ নামে নতুন একটি স্বতন্ত্র অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর এই অ্যাপের মাধ্যমে ক্রিয়েটররা সহজে নিজেদের ভিডিও ও পোস্টের দর্শক বাড়ানোর পাশাপাশি অনুসারীদের সঙ্গে আরও কার্যকরভাবে যোগাযোগ করতে পারবেন।
কিছুদিন পরীক্ষামূলকভাবে চালানোর পর অ্যাপটি আইওএস ব্যবহারকারীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রিয়েটররা এটি ব্যবহার করতে পারছেন।
নতুন অ্যাপটিতে যুক্ত করা হয়েছে ফেসবুকের নিজস্ব ‘এআই ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট’। ক্রিয়েটরের কাজের ধরন, লক্ষ্য এবং দর্শকদের পছন্দ বিশ্লেষণ করে এটি বিভিন্ন পরামর্শ দেবে। আগে পেজের পারফরম্যান্স বুঝতে ক্রিয়েটরদের বিভিন্ন জটিল চার্ট ও পরিসংখ্যান বিশ্লেষণ করতে হতো। এখন তারা সরাসরি এআইকে প্রশ্ন করেই প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
যেমন—কখন পোস্ট করলে ভালো ফল পাওয়া যাবে কিংবা দর্শকেরা পোস্টে কী ধরনের মন্তব্য করছেন—এ ধরনের প্রশ্নের দ্রুত উত্তর দেবে এআই সহকারী।
অ্যাপটির অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা হলো ‘এআই কমেন্ট টুল’। এটি পেজের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো শনাক্ত করে ক্রিয়েটরের নিজস্ব কথার ধরন অনুযায়ী উত্তরের খসড়া তৈরি করে দেবে। এরপর পোস্ট করার আগে ক্রিয়েটর চাইলে সেই উত্তর নিজের মতো করে সম্পাদনা করতে পারবেন।
এ ছাড়া প্রতিদিন অ্যাপটিতে প্রবেশ করলে ক্রিয়েটররা দিনের গুরুত্বপূর্ণ কাজের একটি তালিকা দেখতে পাবেন। সেখানে আগের পোস্টগুলোর পারফরম্যান্স, নির্ধারিত লক্ষ্যের অগ্রগতি এবং কোন কোন মন্তব্যের উত্তর দেওয়া প্রয়োজন—এসব তথ্য সাজানো থাকবে।
মেটার এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো টিকটক ও ইউটিউবের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতায় ফেসবুককে আরও শক্তিশালী করা এবং ক্রিয়েটরদের প্ল্যাটফর্মটিতে ধরে রাখা। একই সঙ্গে কনটেন্টের আইডিয়া ও পারফরম্যান্স বিশ্লেষণের জন্য ক্রিয়েটররা যেন বাইরের এআই টুলের ওপর কম নির্ভর করেন, সেটিও নিশ্চিত করতে চায় মেটা।
সম্প্রতি মেটা আরও কয়েকটি নতুন অ্যাপ বাজারে এনেছে। এর মধ্যে রয়েছে ফেসবুক গ্রুপকেন্দ্রিক রেডিটের আদলের অ্যাপ ‘ফোরাম’, বন্ধুদের সঙ্গে ছবি শেয়ারের অ্যাপ ‘ইনস্ট্যান্টস’, গেমিং অ্যাপ ‘পকেট’ এবং শিশুদের জন্য এআই দিয়ে গল্প তৈরির অ্যাপ ‘স্টোরিকিট’।
সূত্র: টেকক্রাঞ্চ