মাল্টিপল-এন্ট্রি বা একাধিকবার প্রবেশের ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা ও শর্ত জারি করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, ভিসার মেয়াদ এক বছর হলেও প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে নিবন্ধিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। খবর গালফ নিউজের।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, মাল্টিপল-এন্ট্রি ভিসাধারীদের সৌদি আরবে ভ্রমণের আগে ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত কোনো ওমরাহ সেবাদাতার কাছ থেকে আবশ্যিকভাবে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি সৌদিতে প্রবেশের আগেই নুসুক অ্যাপ থেকে ওমরাহর অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।

গত জুলাইয়ে চালু হওয়া মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাটি ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন বা এক বছরের জন্য বৈধ। এই ভিসার আওতায় একজন ভিসাধারী এক বছরে সর্বোচ্চ ৯০ দিন সৌদি আরবে অবস্থান করতে পারবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনকারীদের ভ্রমণ সহজ করতে এই ভিসা সুবিধা দেওয়া হলেও অন্যান্য নিয়ম অপরিবর্তিত থাকবে। অর্থাৎ প্রতিবার ওমরাহ পালনের আগে নতুন করে সার্ভিস প্যাকেজ কেনা এবং নুসুক অ্যাপ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

এ ক্ষেত্রে নুসুক অ্যাপ থেকে নেওয়া ওমরাহ পারমিটের তারিখ এবং কেনা সার্ভিস প্যাকেজের তারিখ একই হতে হবে।

প্রথমবার সৌদি সফরের ক্ষেত্রে নুসুক থেকে সার্ভিস প্যাকেজ কেনার পর ভিসার আবেদন করতে হয়। পরবর্তী সফরের ক্ষেত্রে শুধু ভিসা বৈধ থাকলেই হবে না; প্রতিবার নতুন করে সার্ভিস প্যাকেজ বুকিং ও পারমিটের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এ ছাড়া ফ্লাইটে বোর্ডিংয়ের আগেই যাত্রীর ভ্রমণের যোগ্যতা এবং সৌদিতে সর্বোচ্চ ৯০ দিন অবস্থানের অনুমোদিত মেয়াদ যাচাই করা হবে।