“সন্ত্রাসী ও মাদক কারবারিদের সঙ্গে আমাদের কোনো আপস নেই। চরভদ্রাসনে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কোনো স্থান হবে না”—এমন দৃঢ় বক্তব্য দিয়েছেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সভায় ওসি মো. সফর আলী বলেন, “সন্ত্রাসী ও মাদক কারবারিদের সঙ্গে আমাদের কোনো আপস নেই। আমার উপজেলায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কোনো স্থান হবে না। তাদের পক্ষে কোনো রাজনৈতিক নেতা বা প্রভাবশালী ব্যক্তি সুপারিশ নিয়ে আসবেন না। যদি কেউ এ ধরনের সুপারিশ করেন, তাহলে আগামী আইন-শৃঙ্খলা কমিটির সভায় আমি তাদের নাম প্রকাশ করব।”
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় চরভদ্রাসন থানার ওসি মো. সফর আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও দেবাশীষ পাকুরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সেলিম মিয়া, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ গোলাম মোর্তজা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ও মো. বদরুদ্দিন মৃধাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম, সাংবাদিক লিয়াকত আলী লাভলু, আব্দুস সালাম মোল্লা, মো. সাজ্জাদ হোসেন সাজু, মো. রুবেল হোসেন, মো. উজ্জ্বল, মোস্তফা হোসেন ফানুসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী সভায় অংশ নেন। বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মোল্লা, এ জি এম বাদল আমিন, ভিপি বাদশা ও শাহজাহান শিকদারও সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মাদক ও অপরাধ দমনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।